আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ নারী দলের ব্যাটার সোবহানা মোস্তারি। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিস। তিনজনই নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের পারফরম্যান্সের জন্য মনোনয়ন পেয়েছেন।
গত মাসে বাংলাদেশ নারী দলকে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মোস্তারির। এই টুর্নামেন্টে ৬ ম্যাচে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন তিনি। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার অফ স্পিন বোলিংয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে একটি উইকেটও নেন।
একই টুর্নামেন্টে আয়ারল্যান্ডের নেতৃত্ব দেন গ্যাবি লুইস, তাঁর দলও বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। জানুয়ারিতে ৬ টি-টুয়েন্টিতে তিনি ১২৪.৮৭ স্ট্রাইক রেটে ২৫১ রান করেছেন। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৭৩ রান করলেও সেই ম্যাচে দলকে জেতাতে পারেননি। তবে বিশ্বকাপ বাছাইয়ে তিনি মোট ২৭৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শেষ করেন।
বিশ্বকাপ বাছাইয়ের পারফরম্যান্সের জন্যই মাসসেরার মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্রের টারা নরিস। বাঁহাতি এই পেসার ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। জানুয়ারিতে খেলা ৬ ম্যাচে ১১ উইকেট পান নরিস। তবে তাঁর দল শেষ পর্যন্ত বিশ্বকাপে জায়গা পায়নি।
২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন নাহিদা আক্তার। এরপর আর বাংলাদেশের কেউ এই স্বীকৃতি পাননি।