কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) শীর্ষ সম্মেলনে একটি কুকুরের রোবট প্রদর্শন করে বিতর্কের মুখে পড়েছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়। তাদের একজন অধ্যাপক প্রদর্শনীতে দাবি করেন, রোবটটি নিজেদের উদ্ভাবন। কিন্তু পরে দেখা যায়, সেটি ছিল আসলে চীনের তৈরি।
এআই সম্মেলনটিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রযুক্তিখাতের শীর্ষ ব্যক্তিরা অংশ নিয়েছেন। তাদের মধ্যে ছিলেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। কুকুরের রোবট নিয়ে বিতর্ক শুরুর পর গত বুধবার বিশ্ববিদ্যালয়টিকে সম্মেলন থেকে চলে যেতে বলা হয়।
বিতর্কের শুরু হয় গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিভাগের অধ্যাপক নেহা সিংয়ের মন্তব্যের পর। সরকারি গণমাধ্যম ডিডি নিউজকে সাক্ষাৎকার দেওয়ার সময় নেহা দাবি করেন, ওরিয়ন নামের রোবো ডগটি গালগোটিয়াস ইউনিভার্সিটির সেন্টার অব এক্সিলেন্স তৈরি করেছে।
কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা দ্রুতই রোবটটিকে চীনের ‘ইউনিট্রি গো২’ হিসেবে শনাক্ত করেন। যেটির দাম ২ হাজার ৮০০ ডলার। বিশ্বের বিভিন্ন দেশে গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে রোবটটি ব্যাপকভাবে ব্যবহার হয়।
সম্মেলন আয়োজন করে এআই খাতের সম্ভাবনাকে গুরুত্ব দিতে চেয়েছিল ভারত। কিন্তু রোবো ডগের ঘটনাটি তাদের অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে। দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও রোবট কুকুরের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। বিতর্ক শুরু হলে পোস্টটি তিনি ডিলিট করেন।
সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হলে গালগোটিয়াস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং অধ্যাপক নেহা সিং দাবি করেন, রোবটটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্ভাবন ছিল না। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কখনও এমন দাবি করা হয়নি। এক্সে দেওয়া পোস্টে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখেছে, গালগোটিয়াস এই রোবটিক কুকুর তৈরি করেনি। নিজেদের বলে দাবিও করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয়টি এমন মেধাবীদের তৈরি করেছে, যারা অচিরেই এ ধরনের প্রযুক্তির নকশা, প্রকৌশল এবং উৎপাদন করবে।